নারায়ণগঞ্জের বন্দরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে প্রায় আড়াই কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ উদ্ধার করতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকার একটি টিনশেড তুলার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সকাল ৮টা ৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়। পরে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি জানান, আগুনে গোডাউনের টিনশেড, তুলার বেল্ট, বেল্ট প্রেসের যন্ত্রপাতি, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল পুড়ে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে আগুনের কবল থেকে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অগ্নিকাণ্ডে বড় অঙ্কের আর্থিক ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

