নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার সকল আসামিকে দ্রুত গ্রেফতার এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আড়াইহাজার থানার সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিহতের পরিবারের সদস্য, স্বজন, বন্ধু এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন উপস্থিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। এরপর কর্মসূচি সমাপ্ত হয়।
সমাবেশে বক্তব্য দেন নিহত সিয়ামের মা লাকী আক্তার, মামা রাজিব, বন্ধু জিসানসহ আরও অনেকে। বক্তারা বলেন, মামলার প্রধান আসামি গ্রেফতার হলেও এখনও অন্যান্য অভিযুক্তরা পলাতক রয়েছে। তাই দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
তারা আরও দাবি করেন, হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। একই সঙ্গে মামলার তদন্ত নিরপেক্ষভাবে শেষ করে কোনো অপরাধী যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়েও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, মামলায় এ পর্যন্ত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকার ছাপড়া মসজিদের সামনে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত সিয়াম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জুলাই মারা যান। পরে নিহতের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

