নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় একটি বাড়ি দখলে রাখা এবং সম্ভাব্য ক্রেতাকে বাড়ি দেখাতে গিয়ে মারধরের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মো. মাসুদ রানা। এ ঘটনায় মহানগর যুবদলের সদস্য রাফি উদ্দিন রিয়াদ ও তাঁর সহযোগীদের দায়ী করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে রিয়াদ দাবি করেছেন, একটি পক্ষের ইন্ধনে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনা হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ তুলে ধরা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তাঁরা। মাসুদ রানা মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার সুলতানার স্বামী।
সংবাদ সম্মেলনে নাহার সুলতানা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেওভোগ পাক্কা রোড এলাকার আহসান হাবীবের মালিকানাধীন একটি বাড়ি রাফি উদ্দিন রিয়াদ ও তাঁর সহযোগীরা দখল করে রেখেছেন। সেখানে বিএনপির কার্যালয় স্থাপন করে তাঁরা বসবাস করছেন বলে দাবি করেন মাসুদ রানা। বাড়ির মালিক সেটি বিক্রি করতে চাইলেও দখলের কারণে সম্ভাব্য ক্রেতাদের বাড়িটি দেখানো নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মাসুদ রানার ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে একজন সম্ভাব্য ক্রেতাকে বাড়িটি দেখাতে গেলে রিয়াদসহ আট থেকে দশজন তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তাঁর মুখেও রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন।
স্বামীকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁকেও ধাওয়া করা হয় বলে অভিযোগ করেন নাহার সুলতানা। এ সময় তাঁদের দুজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে নাহার সুলতানা বলেন, “আমার পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের আশঙ্কা, অভিযুক্তরা যেকোনো সময় আবারও আমাদের ওপর হামলা চালাতে পারেন।” পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে রাফি উদ্দিন রিয়াদ দাবি করেছেন, একটি পক্ষের ইন্ধনে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে। তবে বাড়ি দখল ও মারধরের অভিযোগের বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

