ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে স্বস্তির বার্তা এলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ছয় নেতার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, যা সংশ্লিষ্ট নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বুধবার (৭ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির ওই ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান টিপু, হারুন অর রশিদ, শাহ আমিনুল ইসলাম আমিন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার ২ নম্বর ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. হাবিব আল-আমীন ফেরদৌস, দেবীগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম এবং পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে বিএনপির প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই সিদ্ধান্তকে দলীয় ঐক্য জোরদার এবং সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবেও দেখছেন সংশ্লিষ্ট মহল।
বিএনপির ৬ নেতার জন্য সুখবর
Leave a Comment

