নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর্থিক অসচ্ছল মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করতে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে প্রায় ৫০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচার, চোখের লেন্স সংযোজন, ওষুধ ও যাতায়াতের ব্যয় বিনা মূল্যে বহনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার যাত্রামুড়া এলাকার হাজী মো. এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ চিকিৎসা কার্যক্রম চলে। লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসাসেবা নিতে বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ১ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন এ কে এম গোলাম ফারুক, প্রথম ভাইস জেলা গভর্নর ডা. আবুল হোসেন খন্দকার, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকুয়া এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির প্রেসিডেন্ট লায়ন মীর আবদুল আলিম।
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া। তিনি বলেন, অর্থের অভাবে কোনো মানুষ যেন দৃষ্টিশক্তি হারিয়ে অসহায় জীবনযাপনে বাধ্য না হন, সেটিই তাঁদের উদ্যোগের মূল লক্ষ্য। দরিদ্র মানুষের চোখের চিকিৎসার ব্যবস্থা করে তাঁদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার চেষ্টা কেবল সেবামূলক কাজ নয়, এটি মানবিক দায়িত্বও। মানুষ যেন আবার পৃথিবীর আলো দেখতে পারেন, সেই প্রত্যয় থেকেই এ আয়োজন করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির প্রেসিডেন্ট লায়ন মীর আবদুল আলিম বলেন, ক্লাবের এ উদ্যোগের আওতায় প্রয়োজনীয় রোগীদের অস্ত্রোপচার, চোখের লেন্স সংযোজন, ওষুধ ও যাতায়াতের খরচ সম্পূর্ণ বিনা মূল্যে বহনের ব্যবস্থা রাখা হয়েছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন কেউ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
স্থানীয় পর্যায়ে বিনা মূল্যে চক্ষু চিকিৎসার এমন উদ্যোগ দরিদ্র ও অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়ানোর পাশাপাশি দৃষ্টিশক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

