নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনাচড়া এলাকার আব্দুল লতিফের ছেলে চোক্কা ওরফে খোকন (৩৬), রামনগর এলাকার ফয়েজ আহম্মেদের ছেলে মো. পারভেজ (২৮) এবং একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মো. মঞ্জুর (৫০)।
পুলিশ জানায়, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন। অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি, চারটি ছুরি ও একটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে গ্রেপ্তার ব্যক্তিরা এসব দেশীয় অস্ত্র নিজেদের কাছে রেখেছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার খোকনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্যদিকে মঞ্জুরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ তিনটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

