সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় মন্তব্য করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, কোনো সরকারই সিন্ডিকেট পছন্দ করে না। বর্তমান সরকারও চায়, দেশে ‘সিন্ডিকেট’ বলে কোনো শব্দের অস্তিত্ব না থাকুক।
মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, “সিন্ডিকেট কোনো সরকারই পছন্দ করে না। আমরাও চাই, সিন্ডিকেট বলে যেন কোনো শব্দই না থাকে। কারণ সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।”
তিনি বলেন, সরকারের অন্যতম প্রধান লক্ষ্য জনগণের কাছে নিরাপদ ও মানসম্মত খাদ্য পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় সেই লক্ষ্যেই কাজ করছে। বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত এবং সরবরাহ ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি।
ভবিষ্যতে খাদ্য সরবরাহ বা বাজার ব্যবস্থাপনায় কোনো সমস্যা দেখা দিলে দ্রুত তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পুষ্টিকর চাল উৎপাদনের প্রকল্পের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রকল্পটি কবে উদ্বোধন বা চালু হবে, তা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর উদ্যোগ নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিলে উপস্থিত হয়ে খাদ্যমন্ত্রী তার পরিদর্শন কার্যক্রম শুরু করেন। পরে দুপুর ১টার দিকে তিনি নারায়ণগঞ্জ সাইলোতে পৌঁছান।
সেখানে নারায়ণগঞ্জ সাইলো এবং এর অভ্যন্তরে অবস্থিত নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন তিনি। এ সময় খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম এবং সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন খাদ্যমন্ত্রী।
পরিদর্শনকালে তিনি স্থাপনাগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

