শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের গলাচিপা কুড়িপাড়ায় শঙ্খধ্বনি প্রতিযোগিতার আয়োজন এবং মাসদাইর ও আমলাপাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদ্য সাবেক ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
খোরশেদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; পারস্পরিক অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে এসব উৎসব সবার জন্য আনন্দময় হয়ে উঠতে পারে। সমাজে বিভেদ ও বৈষম্য দূর করে মানুষের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই হওয়া উচিত সবার লক্ষ্য।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি এমন একটি সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে ধর্মীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন।
শঙ্খধ্বনি প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

