ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে অবরোধ করে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার (২৯ নভেম্বর) রাতে মহাসড়কের উপজেলার ট্রেনিং সেন্টার কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ রাত ১১টার দিকে মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও মহাসড়কে অবস্থান নেন। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে পুলিশ ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অবস্থান জোরদার হলে অবরোধকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এসময় অবরোধকারীরা একটি কাভার্ডভ্যান সড়কের মাঝখানে রেখে চলে যাওয়ায় ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। পাশাপাশি বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।

