নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার ও আতিকুল ইসলাম। অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি।
গত মঙ্গলবার তুহিন হত্যা মামলায় জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে ডা. সেলিনা হায়াৎ আইভী ও তাঁর সমর্থকদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই আইভীর আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্রেপ্তারের সঙ্গে স্লোগান দেওয়ার ঘটনার সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলের প্রচারিত একটি ভিডিওতে অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলকে কোনো স্লোগান দিতে দেখা যায়নি। ভিডিওতে তাঁকে মামলার নথিপত্রের ফাইল হাতে ডা. সেলিনা হায়াৎ আইভীর পাশে হাঁটতে দেখা যায়।
এ বিষয়ে ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী এবং আদালতে পুলিশের পক্ষ থেকে কী আবেদন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

