মুরাসু প্রবল ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন ভারতের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন তেলেঙ্গানার ওপর অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, মুরাসুর আপডেট নিয়ে ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) সর্বশেষ তথ্য বলছে, আজ বুধবার (৪ নভেম্বর) ভোরে এটি গভীর নিম্নচাপ হিসেবে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন পূর্ব তেলেঙ্গানার ওপর অবস্থান করছিল। এর বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার, দমকা হাওয়া আকারে যা ৭৫ কিলোমিটার পর্যন্ত উঠছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

