নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও ককটেলসদৃশ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, এ ঘটনায় উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিল দলের সমর্থক। একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব আর্জেন্টিনা দলের সমর্থক। দীর্ঘদিন ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ফুটবলকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতা চলে আসছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ব্রাজিলের পরাজয়ের পর আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ-উল্লাস করেন। পরে আর্জেন্টিনার পরাজয়ের পর ব্রাজিল সমর্থকরাও উল্লাস করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বাড়িঘর ভাঙচুর, হামলা এবং বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘর্ষে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের কিশোর-তরুণদের মধ্যে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চালিয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

