বর্তমান সরকারের প্রতি ব্যক্তিগত আক্রমণ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে পথসভা ও মশাল মিছিল করেছে মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পথসভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি বলেন, দেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং দীর্ঘ সময়ের নানা সংকট কাটিয়ে দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে। এ সময়ে সব রাজনৈতিক দল ও জনগণের উচিত উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করা।
তিনি অভিযোগ করেন, সহযোগিতার পরিবর্তে কিছু রাজনৈতিক মহল সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি ও অপপ্রচার চালিয়ে জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে এবং এতে ফ্যাসিবাদী শক্তি পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে।
খোরশেদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তিনি ওই আন্দোলনের নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক নেতারা হাজী শাহীন, নুরুল হক চৌধুরী দিপু, জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, মনির সর্দার, মমতাজ উদ্দিন মন্তু, নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, শওকত খন্দকার, আমির হোসেন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, ইকবাল হোসেন, জুয়েল রানা, তুষার আহমেদ, সুমন ভুইয়া, আক্তার হোসেন, দুলাল মিয়া, নুরুজ্জামান, রানা মুন্সি, মো. মুসা, জুলহাস, মো. মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

