দীর্ঘদিনের বিরোধ ও একাধিক দফা আলোচনার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাসভাড়া নিয়ে সমঝোতায় পৌঁছেছে বাস মালিকপক্ষ ও শিক্ষার্থীরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ যাত্রীদের জন্য বাসভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে উভয় পক্ষের আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাসভাড়া নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচি এবং বাস মালিকদের সঙ্গে চলমান বিরোধের মধ্যে এটি ছিল চতুর্থ দফার বৈঠক।
বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্ধারিত ৫৮ টাকা সাধারণ যাত্রীদের কাছ থেকে নেওয়া হবে। অন্যদিকে শিক্ষার্থীরা সপ্তাহের সাত দিনই ৩৪ টাকা হাফ পাস সুবিধা পাবেন।
সাতটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে বৈঠকে অংশ নেওয়া শওকত আলী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এ বৈঠক নারায়ণগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে। দীর্ঘদিনের ভাড়া-সংক্রান্ত বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় শিক্ষার্থীরা সন্তুষ্ট বলেও জানান তিনি।
বাস মালিকদের পক্ষে সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, বৈঠকে উপস্থিত সংশ্লিষ্টদের প্রতি সম্মান দেখিয়ে তারা নির্ধারিত ভাড়া মেনে নিতে সম্মত হয়েছেন। তবে আপাতত এক মাস এই ভাড়া কার্যকর থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, বাস মালিক ও চালকদের আর্থিক বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন। পরিবহন পরিচালনায় যাতে মালিক ও শ্রমিকরা ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে দেখার আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি বিবেচনা করেই আলোচনার মাধ্যমে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে সাধারণ যাত্রীদের জন্য ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, শিক্ষার্থীরা সপ্তাহের সাত দিনই হাফ পাসের সুবিধা পাবেন। পাশাপাশি এক মাস পর পরিস্থিতি পর্যালোচনা করে বাস মালিকদের সঙ্গে আবারও বৈঠক করা হবে।
জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, জ্বালানি তেলের দামসহ পরিবহন খাতের ব্যয় বিবেচনায় ভবিষ্যতে ভাড়া কমানো বা বাড়ানোর প্রয়োজন হলে তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। ভাড়া নিয়ে যাতে নতুন করে কোনো উত্তেজনা তৈরি না হয়, সেজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানান তিনি।
বৈঠকে অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নাগরিক সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং বাস মালিকপক্ষের নেতারা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের বিরোধের পর আলোচনার মাধ্যমে নতুন ভাড়া নির্ধারণ হওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের যাত্রী ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

