২০২৪ সালের আন্দোলন ঠেকাতে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে অর্থ ও বিভিন্নভাবে সহযোগিতা করা ব্যবসায়ীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল আহ্বায়ক কমিটি সদস্য রাফি উদ্দিন রিয়াদ । একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে পরিচিত এবং আন্দোলন দমনে গোপনে অর্থ জোগান দিয়েছেন এমন ব্যবসায়ীদের তথ্য যাচাই-বাছাইয়ে টাস্কফোর্স গঠনের আহ্বান জানানো হয়েছে।
এক প্রশ্নের জাবাবে রাফি উদ্দিন রিয়াদ বলেন, ২০২৪ সালের আন্দোলনে বিভা হাসানের ভূমিকা সম্পর্কে তিনি নিজেই বলতে পারবেন। কারণ, তার কর্মকাণ্ডের অনেক কিছুই প্রকাশ্যে দেখা যায়নি। তিনি যদি গোপনে কোনো ভূমিকা রেখে থাকেন, সেটিও তারই বলার বিষয়।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে অনেক ব্যবসায়ী রয়েছেন, যারা ২০২৪ সালের আন্দোলন ঠেকাতে শামীম ওসমানকে অর্থের জোগান দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ প্রশ্নও তিনি তোলেন।
রিয়াদ আরও বলেন, শুধু বড় ব্যবসায়ী বা অর্থশালী হওয়ার কারণে কেউ জনগণের বিরুদ্ধে ইচ্ছেমতো কর্মকাণ্ড চালাতে পারেন না। যারা আওয়ামী লীগের চাটুকার বা দোসর হিসেবে থেকে গোপনে আন্দোলন দমনে অর্থ দিয়েছেন, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা প্রয়োজন।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সারা দেশে এ ধরনের ব্যবসায়ীদের চিহ্নিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত। পাশাপাশি নারায়ণগঞ্জের যেসব ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত এবং বর্তমানে বড় বড় মঞ্চে সক্রিয় রয়েছেন, তাদের ভূমিকা ও অতীত কর্মকাণ্ডও যাচাই করা দরকার।
তিনি আরও বলেন, এসব অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করতে বর্তমান সরকারের উদ্যোগে একটি টাস্কফোর্স গঠন করা হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

