শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।
গত শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন দুলাল এমপি, জাসাস কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মো. লিয়াকত আলীসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি এস এম মোমো।
সম্মাননা গ্রহণের পর এম এ মান্নান ভূঁইয়া সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সমাজের কল্যাণে এবং মানবতার সেবায় ভবিষ্যতেও নিজেকে নিয়োজিত রাখতে চান।
অনুষ্ঠানে অতিথিরা মানব কল্যাণ পরিষদের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

