নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট লিমিটেডের বন্ধ কারখানা খুলে দেওয়া এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা ও অধিকার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় কারখানার সামনে থেকে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি চাষাড়ায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সভাপতি গাজী নূরে আলমসহ ইউনাইটেড অ্যাপারেলসের শ্রমিক মিলন, নূর নবী, সজিব, সাবিনা ও তানিয়াসহ অন্যরা বক্তব্য দেন।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন না মেনে ইচ্ছামতো কারখানা পরিচালনা করে আসছে। শ্রমিকদের আইনগত ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা না দেওয়ার পাশাপাশি বিভিন্ন কারণে চাকরিচ্যুত করা হচ্ছে। এমনকি জরুরি প্রয়োজনে ছুটি না পেয়ে কোনো শ্রমিক একদিন কাজে অনুপস্থিত থাকলে তার তিন দিনের হাজিরা কেটে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
নেতৃবৃন্দের দাবি, এসব অনিয়মের প্রতিবাদ করায় শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বাকবিতণ্ডা হয়। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
পরদিন সকালে কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে তালা দেখতে পান শ্রমিকরা। এতে ক্ষুব্ধ হয়ে তারা চাষাড়ায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে উপমহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ দেন এবং সংকট সমাধানের দাবি জানান।
এর মধ্যে রোববার সকালে কারখানার গেটে ৪৩ জন শ্রমিককে সাময়িক বরখাস্তের নোটিশ টানানো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিবাদে শ্রমিকরা ফের বিক্ষোভ মিছিল নিয়ে কলকারখানা অধিদপ্তরের সামনে অবস্থান নেন।
শ্রমিকদের অভিযোগ, সোমবার (৫ অক্টোবর) ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস দেওয়া হলেও বৈঠকের নির্দিষ্ট সময় জানানো হচ্ছিল না। এ কারণে রোববার বিকেল ৩টার পর শ্রমিকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন।
পরে বিকেএমইএ সভাপতি, জেলা প্রশাসক ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের মধ্যে আলোচনা হয়। আলোচনার পর সোমবার বিকেল ৩টায় কলকারখানা অধিদপ্তরের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সময় নির্ধারণ করা হয়। ওই বৈঠকে সংকট সমাধানের আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা কর্মসূচি স্থগিত করে বাড়ি ফিরে যান।
শ্রমিক নেতারা বলেন, নির্ধারিত ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের দাবি ও কারখানা চালুর বিষয়ে সন্তোষজনক সমাধান না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। শ্রমিকদের আইনগত অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

