ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জে আয়োজিত জেলা জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে জনগণকে নানা অজুহাতে আর বোকা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “গুপ্ত-সুপ্ত নানা অজুহাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার সময় শেষ হয়ে গেছে। এখন জনগণ অনেক বেশি সচেতন। তারা সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে শিখেছে।”
তিনি বলেন, বর্তমান দেশের প্রেক্ষাপটে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। যারা গোপন সমঝোতা কিংবা অসৎ উদ্দেশ্যে জনগণের অধিকার ক্ষুণ্ন করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে না পারলে সমাজে স্থিতিশীলতা ফিরে আসবে না।
রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল আচরণ এবং জনগণের আস্থা অর্জনই হতে হবে নেতৃত্বের মূল লক্ষ্য।

