প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে ঘিরে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জড়ো হন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা।
এরই মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা তার শিশু পুত্রকে সঙ্গে নিয়ে তারেক রহমানের গাড়িবহরকে স্বাগত জানাতে মহাসড়কে উপস্থিত হন। গাড়িবহরটি ওই এলাকা অতিক্রম করার সময় দুই পাশের নেতাকর্মীরা ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান।
এ সময় শিশু পুত্রকে সঙ্গে নিয়ে আবুল কাউসার আশার উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করে। ফুল হাতে নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান এবং গাড়িবহর অতিক্রমের সময় ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচি, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী প্রদান করার কর্মসূচিও রয়েছে।
তারেক রহমানের নারায়ণগঞ্জ অতিক্রমের সময় মহাসড়কের দুই পাশে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানোর এ দৃশ্যকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সকাল থেকেই সড়কের পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা প্রিয় নেতাকে স্বাগত জানাতে নানা স্লোগান ও ফুল নিয়ে অপেক্ষা করেন।
উল্লেখ্য, আবুল কাউসার আশা বর্তমানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ব্যক্তিগত রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের মার্চে তার নিয়োগের বিষয়টি প্রকাশ্যে আসে। সংসদ সদস্যের নির্বাচনী এলাকার কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সহযোগিতার দায়িত্বও তার ওপর রয়েছে।
সব মিলিয়ে তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ অংশে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ও ফুলেল শুভেচ্ছায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

