জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সামনে সাপ ও জামায়াত দুটির একটিকে আগে মোকাবিলা করতে হলে জামায়াত সম্পর্কে আগে সতর্ক হতে হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, “একটা সাপ আর একটা জামায়াত যদি আপনার সামনে পড়ে, আগে জামায়াত সম্পর্কে আপনি সাবধান হবেন, তার পরে সাপকে গিয়ে মারবেন।”
জামায়াতের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা এবং ১৯৭১ সালের বিভিন্ন ঘটনার সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়টি বিবেচনায় রেখে দলটির সঙ্গে রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
তিনি বলেন, “যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আমার মা-বোনের ইজ্জত নিয়েছিল, যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল আপনারা যদি বিশ্বাস করেন সেই জামায়াতে ইসলামী খারাপ সময়ে আপনাদের পাশে থাকবে, তাহলে ভুল করবেন।”
জামায়াতের রাজনৈতিক বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তাঁর ভাষ্য, সংসদে এক ধরনের বক্তব্য এবং সংসদের বাইরে ভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। এ অবস্থায় বিএনপির নেতাকর্মীদের বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনাও করেন ফজলুর রহমান। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। বিশেষ করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল। আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির বর্তমান রাজনৈতিক নেতৃত্ব প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং দলটির সরকার যে রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক নীতি অনুসরণ করছে, সেটি অব্যাহত থাকলে বাইরে থেকে সহজে দলটিকে দুর্বল করা সম্ভব হবে এমনটা মনে করার কারণ নেই।
তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে যেভাবে বিএনপি এবং তার সরকার চলছে, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিকভাবে যে লাইন গ্রহণ করেছে, সেই লাইন যদি ঠিক থাকে কেউ সহজে ধাক্কা দিয়ে বিএনপিকে ফেলে দেবে, এটা মনে করার কোনো কারণ নেই।”
চাষাঢ়ার সমাবেশে তাঁর বক্তব্যের বড় অংশজুড়ে ছিল বিএনপি-জামায়াতের রাজনৈতিক সম্পর্ক, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। জামায়াতের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি বিএনপিকে নিজেদের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট রাখার আহ্বান জানান তিনি।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি, প্রধান বক্তা নজরুল ইসলাম আজাদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আাবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ন আহ্বায়ক ফহতে রেজা রিপন, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

