জাতীয় নির্বাচনে চমক দেখিয়ে সংসদে প্রবেশের পর নারায়ণগঞ্জে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি জয় পেলেও নারায়ণগঞ্জ-৪ আসনে জয় পেয়েছেন এনসিপির আব্দুল্লাহ আল আমিন। একদিকে সংসদ সদস্য হিসেবে আল আমিনের সক্রিয়তা, অন্যদিকে জেলা ও মহানগরে কমিটি গঠন এবং মাঠপর্যায়ে নেতাকর্মীদের ধারাবাহিক তৎপরতায় নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন একটি শক্তি হিসেবে নিজেদের অবস্থান জানান দিচ্ছে দলটি।
২০২৬ সালের জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মনির হোসেন কাসেমী পান ৮০ হাজার ৬১৯ ভোট। এই জয়ের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে প্রথমবারের মতো এনসিপি সরাসরি সংসদীয় প্রতিনিধিত্ব পায়।
জাতীয় রাজনীতিতেও আল আমিনের অবস্থান শক্ত হয়েছে। সম্প্রতি তাঁকে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে যুক্ত করা হয়েছে। পাশাপাশি তিনি দলের শৃঙ্খলা কমিটির প্রধানের দায়িত্বেও রয়েছেন।ফলে নারায়ণগঞ্জে এনসিপির সাংগঠনিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন আব্দুল্লাহ আল আমিনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নির্বাচনের পর সাংগঠনিক কার্যক্রমেও গতি আনার চেষ্টা করছে এনসিপি। ১৬ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটিতে যুবাইর আহমেদ সরদারকে আহ্বায়ক এবং জোবায়ের হোসেন তামজিদকে সদস্যসচিব করা হয়। মহানগরে আহ্বায়ক করা হয় মো. শওকত আলীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তি এবং সদস্যসচিব আশিকুর রহমান অভি দায়িত্ব পান।
এরপর থেকে বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াতে দেখা যাচ্ছে দলটির নেতাকর্মীদের। রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে, নির্বাচনে পাওয়া সাফল্যকে সাংগঠনিক ভিত্তিতে রূপ দিতে পারলে নারায়ণগঞ্জে এনসিপি ভবিষ্যতে শুধু সংসদীয় রাজনীতিতে নয়, স্থানীয় সরকার নির্বাচনেও গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
নির্বাচনের পরও আল আমিনকে ঘিরে উত্তেজনার ঘটনা থামেনি। ৩ মার্চ ২০২৬ বিসিক শিল্পনগরী এলাকায় এক বক্তব্যকে কেন্দ্র করে আব্দুল্লাহ আল আমিন একটি কারখানায় দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করতে বাধ্য হন পরে পুলিশ তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যায়। সংসদ সদস্য হওয়ার পরও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও রাজনৈতিক অঙ্গনে আল আমিনকে ঘিরে বিরোধ ও উত্তেজনা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।
তবে এনসিপির জন্য সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাতে।
ফতুল্লার বক্তাবলী বাজার এলাকায় হামলার শিকার হন নারায়ণগঞ্জ জেলা এনসিপির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তাওহীদ। রাত প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এনসিপির অভিযোগ, ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে প্রতিবাদ করাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁদের ওপর হামলা চালান। তবে বিএনপির বক্তাবলী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। পুলিশও জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাওহীদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়ার পর সরাসরি প্রতিক্রিয়া জানান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং ব্যবস্থা না নেওয়া হলে প্রশাসন ও সরকারের ওপর দায় বর্তাবে বলে মন্তব্য করেন।
এরপর এনসিপির নেতাকর্মীরা ফতুল্লা মডেল থানায় জড়ো হন। বিষয়টি শুধু একটি হামলার অভিযোগে সীমাবদ্ধ থাকেনি; তা দ্রুত রাজনৈতিক শক্তি প্রদর্শন ও পুলিশের ওপর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবিতে রূপ নেয়।
হামলার পর এনসিপির নেতাকর্মীরা থানায় অবস্থান নেন। ওই সময় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনও ফতুল্লা মডেল থানায় যান। দলটির নেতাদের পক্ষ থেকে হামলার ঘটনায় দ্রুত মামলা ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
পরদিন ২৯ সেপ্টেম্বর এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির জেলা সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। তবে মামলার পর ওই সময় পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছিল।
এই ঘটনার মধ্যেই ২৮ সেপ্টেম্বর রাতেই সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ফতুল্লা মডেল থানার ভেতরে। এনসিপির জেলা আহ্বায়ক যুবাইর সরদার ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে কঠোর ভাষায় বক্তব্য দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, কোনো নেতাকর্মীর গায়ে আবার হাত উঠলে ‘লাশের বদলে লাশ’ নেওয়া হবে এবং থানার ‘ইট পর্যন্ত খুলে নেওয়া’ হবে।
পরদিন বক্তব্যটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। যুবাইর সরদার অবশ্য দাবি করেন, নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ায় তাঁদের শান্ত করার জন্য তিনি ওই বক্তব্য দিয়েছিলেন। তাঁর বক্তব্য পুলিশও খতিয়ে দেখছে বলে জানায়।
এই ঘটনা নারায়ণগঞ্জের রাজনীতিতে বিশেষ তাৎপর্য তৈরি করে। কারণ একজন রাজনৈতিক দলের জেলা শীর্ষ নেতার থানার ভেতরে দাঁড়িয়ে পুলিশের প্রতি এমন কঠোর ভাষার ব্যবহার যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি এটি এনসিপির মাঠের শক্ত অবস্থানেরও একটি প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ফতুল্লার ঘটনার পর আরেকটি বিষয়ে সরাসরি সক্রিয় হতে দেখা যায় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে।
৩০ সেপ্টেম্বর বক্তাবলী এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে নৌ পুলিশের এক পরিদর্শককে ফোনে কঠোর ভাষায় সতর্ক করেন আল আমিন। কথোপকথনের একটি ভিডিও নিয়েও আলোচনা তৈরি হয়। অর্থাৎ ফতুল্লার সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতের পেছনে যে অবৈধ মাটি কাটার অভিযোগ উঠে এসেছে, সেই বিষয়েও সংসদ সদস্য নিজে সরাসরি মাঠে অবস্থান নিয়েছেন।
সব মিলিয়ে নারায়ণগঞ্জে এনসিপির রাজনীতির গতিপথে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে। জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে জয়, জেলা ও মহানগরে সাংগঠনিক কমিটি, সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের সক্রিয়তা এবং মাঠপর্যায়ে নেতাকর্মীদের দৃশ্যমান উপস্থিতি দলটিকে আগের তুলনায় অনেক বেশি শক্ত অবস্থানে নিয়ে এসেছে।
অন্যদিকে কর্মীদের ওপর হামলার অভিযোগ, আল আমিনকে ঘিরে আগের সংঘাত, ফতুল্লার তাওহীদুল ইসলামকে মারধর, থানায় নেতাকর্মীদের অবস্থান এবং জেলা আহ্বায়কের ‘ইট খুলে নেওয়ার’ হুঁশিয়ারি সবকিছু মিলিয়ে এনসিপির রাজনীতি এখন আর কেবল নতুন দলের সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নেই।
বরং নারায়ণগঞ্জের মাঠের রাজনীতিতে বিএনপির দীর্ঘদিনের প্রভাবের পাশাপাশি এনসিপি একটি দৃশ্যমান রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের জায়গা তৈরি করছে। আগামী স্থানীয় সরকার নির্বাচন, দলীয় সাংগঠনিক বিস্তার এবং মাঠের কর্মীদের নিরাপত্তা—এই তিন ক্ষেত্রেই এনসিপির সামনে বড় পরীক্ষা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সংসদে একজন প্রতিনিধি থেকে শুরু করে মাঠে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে কি না নারায়ণগঞ্জে এনসিপির পরবর্তী রাজনীতির মূল লড়াই এখন সেখানেই।

