ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাঠপর্যায়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলায় আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচিতে যোগ দেন তিনি। এ সময় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
পরে একটি সচেতনতামূলক র্যালিতে অংশ নিয়ে স্থানীয়দের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে কথা বলেন তিনি। বাড়ির আঙিনা, আশপাশের খোলা জায়গা ও বিভিন্ন স্থানে যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং ব্যক্তি ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একইসঙ্গে কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয় এবং অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, একই দিনে নারায়ণগঞ্জের সব উপজেলা ও ইউনিয়নে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে গেলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

