নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার ছেলে ও ভাইসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাতে আহত চিকিৎসক আব্দুল্লাহ আল কামালের স্ত্রী মনোয়ারা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে ইউসুফ আলী ভূঁইয়ার ছেলে সুমন, ভাই বিল্লাল হোসেন, বিল্লালের ছেলে মনির হোসেন, সোহান, সিফাত ও পারভেজকে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই সকালে জরুরি বিভাগে দায়িত্ব পালনকালে এক রোগীর চিকিৎসা চলার মধ্যেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই রোগীকে আনা হলে চিকিৎসক তাদের চিকিৎসায় ব্যস্ত হয়ে পড়েন। এতে সামান্য বিলম্ব হওয়ায় রোগীর স্বজনদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা দলবল নিয়ে হাসপাতালে প্রবেশ করে চিকিৎসক আব্দুল্লাহ আল কামাল ও কয়েকজন কর্মচারীর ওপর হামলা চালায়। হামলার সময় সরকারি চিকিৎসাসেবায়ও বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আহত চিকিৎসক আব্দুল্লাহ আল কামাল বর্তমানে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

