রূপগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এ উদ্যোগের আওতায় উপজেলার বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।
মঙ্গলবার (৯ জুন) সকালে রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স চত্বরে চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। একইসঙ্গে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা মিলনায়তন সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ. মোমেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত নগরায়ন ও পরিবেশ দূষণের কারণে প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক আন্দোলনের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রূপগঞ্জ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি মো. রাশেদুল ইসলাম রাশেদ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা ও সাধারণ সম্পাদক মোহসিন মিয়া এবং রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহনাজ পারভীনসহ স্থানীয় প্রশাসন, শিক্ষক সমাজ ও গণমাধ্যমকর্মীরা।

