নারায়ণগঞ্জের সিটি নগর পার্ক এলাকায় বন্দুক হাতে দুই তরুণের ঘোরাঘেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বন্দর বাজার এলাকা থেকে লিমন তোহা (২২) ও ইয়াসিন মোল্লা (২৩)কে আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে দুটি খেলনা বন্দুক উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা বন্দুক দুটি খেলনা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই তরুণ জানিয়েছেন, টিকটকের ভিডিও তৈরির উদ্দেশ্যেই খেলনা বন্দুক ব্যবহার করে ওই ভিডিও ধারণ করা হয়েছিল। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া রয়েছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া প্রায় ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালো পোশাক ও টুপি পরা দুই তরুণ পার্কের বিভিন্ন স্থানে বন্দুক হাতে ঘুরছেন। এ সময় তারা পথচারী, রিকশাচালক ও শিশুদের দিকেও বন্দুক তাক করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক লিমন ২০২৪ সালে এইচএসসি পাসের পর আর পড়াশোনা করেননি এবং কয়েক বছর ধরে টিকটক করেন। অপর তরুণ ইয়াসিন ২০২২ সালে এসএসসি পাসের পর আর পড়াশোনা করেননি।
পুলিশ জানিয়েছে, ভিডিওটি যে এলাকায় ধারণ করা হয়েছে, সেটি নারায়ণগঞ্জ সদর মডেল থানার আওতাধীন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

