মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সাক্ষরতার অর্থ শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের ক্ষেত্রেও সাক্ষরতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, একটি জ্ঞাননির্ভর, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হলে সবার জন্য মানসম্মত, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা ও সাক্ষরতার প্রসার একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সকল মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের এ কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জে শিক্ষা ও সাক্ষরতার প্রসারে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

