২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অধিকাংশই আত্মগোপনে বা এলাকা ছেড়ে রয়েছেন। এর মধ্যে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার হলেও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহাসহ অধিকাংশ শীর্ষ নেতা প্রকাশ্যে নেই।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের দাবি, পলাতক অবস্থান থেকেই কিছু শীর্ষ নেতা তাদের অনুসারীদের মাধ্যমে নারায়ণগঞ্জে নাশকতা ও সাংগঠনিক তৎপরতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এসব পরিকল্পনা কার্যকর হচ্ছে না বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।
১৩ মাস কারাভোগের পর ১২টি মামলায় জামিনে মুক্ত হয়ে বর্তমানে নিজ বাসভবনে অবস্থান করছেন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তবে দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাদের মতো তিনিও এখন প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় নন।
গত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতাকে মাঠে দেখা যায়নি। একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার পর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পদধারী অনেক নেতাই আত্মগোপনে রয়েছেন।
এ অবস্থায় যুবলীগের সম্ভাব্য নেতা হিসেবে পরিচিত আজমেরী ওসমানের অনুসারীদের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় যুবলীগের ব্যানারে মিছিল করতে দেখা যায়। মুখোশ পরে জাতীয় পতাকা হাতে ওই মিছিল সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দেয়। তবে এসব কর্মসূচিতে জেলা বা মহানগর আওয়ামী লীগের কোনো পদধারী নেতাকে দেখা যায়নি।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সরকার নারায়ণগঞ্জসহ কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন করায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রকাশ্যে আসেননি বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমান ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানের একমাত্র ছেলে আজমেরী ওসমান গত এক বছর ধরে যুবলীগের ব্যানারে অনুসারীদের নিয়ে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শহর, বন্দর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সোনারগাঁ এলাকায় তার অনুসারীদের বিভিন্ন সময় মিছিল করতে দেখা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় থেকেই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। ১৯ জুলাই শামীম ওসমানের নেতৃত্বে শহরে শক্তি প্রদর্শনের পর তাকে আর রাজপথে সক্রিয়ভাবে দেখা যায়নি। সর্বশেষ ৪ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাকে প্রকাশ্যে দেখা যায় বলে দলীয় সূত্র জানিয়েছে। একই দিনে জেলা ও মহানগর আওয়ামী লীগের কালো পতাকা মিছিলের পর অধিকাংশ নেতাই আত্মগোপনে চলে যান।
দীর্ঘ সময় শীর্ষ নেতাদের অনুপস্থিতির সুযোগে নতুন মুখ ও পদপ্রত্যাশী নেতাদের সক্রিয়তা বাড়তে শুরু করেছে। যদিও জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণার আলোচনা থাকলেও তাদের প্রকাশ্য সাংগঠনিক তৎপরতা চোখে পড়েনি। অন্যদিকে জেলা যুবলীগের নেতৃত্ব ঘিরে আজমেরী ওসমান ও সাফায়েত আলম সানীর পৃথক কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। গত মাসে তাদের পাল্টাপাল্টি কর্মসূচির পর প্রশাসনও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এক সময় ওসমান পরিবারের তৃতীয় প্রজন্মের অন্যতম প্রভাবশালী সদস্য হিসেবে পরিচিত ছিলেন আজমেরী ওসমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের বিরুদ্ধে শহর, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে তার নেতৃত্বে শোডাউন সে সময় ব্যাপক আলোচনায় আসে।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে তার মা পারভীন ওসমানের পরিবর্তে চাচা সেলিম ওসমান মনোনয়ন পাওয়ার পর পরিবারের রাজনৈতিক তৎপরতা কিছুটা স্তিমিত হয়ে পড়ে। পরে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনেও তারা সক্রিয় থাকলেও সমর্থিত প্রার্থী পরাজিত হন।
ছাত্র-জনতার আন্দোলনের সময় আজমেরী ওসমানের বিরুদ্ধে আন্দোলনকারীদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। ৫ আগস্ট বিকেলে আন্দোলনকারীরা নাসিম ওসমানের মালিকানাধীন ভবনে অবস্থিত ‘হোয়াইট হাউস’ রেস্তোরাঁয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই সময় তার বাসভবনেও হামলা, মোটরসাইকেলে আগুন ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রগুলোর দাবি, ৫ আগস্ট সকালে তিনি নারায়ণগঞ্জ ত্যাগ করেন। পরবর্তীতে কয়েকদিন গোদনাইল এলাকায় অবস্থান করার পর দেশ ছেড়ে ভারতে যান। বর্তমানে তিনি কলকাতায় অবস্থান করছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ক্যাসিনোকাণ্ডের আলোচিত ব্যক্তি সম্রাটের সঙ্গে দেখা গেছে—এমন কয়েকটি ভিডিওও ছড়িয়ে পড়েছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নাশকতা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয় নয়, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তারা দাবি করেছেন।

