ফুটবল ও ক্রিকেটে অভিজ্ঞ প্রশিক্ষকদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। চুক্তিভিত্তিক ও সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ‘ফুটবল প্রশিক্ষক (কোচ)’ এবং ‘ক্রিকেট প্রশিক্ষক (কোচ)’ পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ফুটবল প্রশিক্ষক পদে ৫ জন এবং ক্রিকেট প্রশিক্ষক পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিতদের বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কোচিং ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি প্রার্থীর বয়স ন্যূনতম ৩৬ বছর হতে হবে। সংশ্লিষ্ট খেলায় পেশাদার কোচ হিসেবে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে।
এ ছাড়া প্রার্থীদের খেলাধুলা বিষয়ক কৌশলগত ও তাত্ত্বিক জ্ঞান, প্রশিক্ষণ পরিচালনায় দক্ষতা, শক্তিশালী যোগাযোগ সক্ষমতা এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শী হতে হবে। ফুটবল বা ক্রিকেট কোচিং সফটওয়্যার পরিচালনার অভিজ্ঞতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আবেদন করতে হলে ‘প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন’ বরাবর স্বাক্ষরিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সঙ্গে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।
এ ছাড়া আবেদন ফি হিসেবে ১ হাজার টাকার অফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট ‘প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন’-এর অনুকূলে জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জুন ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে নগর ভবনে আবেদনপত্র পৌঁছে দিতে পারবেন। নির্ধারিত সময়ের পরে পাওয়া আবেদন কিংবা অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।
নাসিক কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক নিয়োগ। এ পদগুলো ভবিষ্যতে স্থায়ী হওয়ার কোনো সুযোগ থাকবে না।

