তারেক রহমানকে নিয়ে এনসিপি নেতাদের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, কোনো রাজনৈতিক নেতা সম্পর্কে মন্তব্য করার আগে তাঁর রাজনৈতিক অবদান ও ইতিহাস সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলটির কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এ সকল কথা বলেন তিনি।
শনিবার (১ আগস্ট) বিকেলে মহানগরীর মিশনপাড়া এলাকায় হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২ নম্বর রেলগেট এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেন, এনসিপি নীতির কথা বললেও বাস্তবে বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে অর্থ সংগ্রহ করছে। তিনি বলেন, জনগণ এসব কর্মকাণ্ড মেনে নেবে না এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ওই আন্দোলন কোনো একক দলের ছিল না; বিএনপি, তাদের মিত্র রাজনৈতিক দল এবং সাধারণ মানুষও এতে অংশ নিয়েছিল ও ত্যাগ স্বীকার করেছিল। তাঁর ভাষ্য, আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে তারেক রহমান বিদেশ থেকে নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনা দিয়েছিলেন। তাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে এককভাবে দাবি করার সুযোগ নেই।
সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, সদস্য আওলাদ হোসেন, অ্যাডভোকেট রফিক, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

