নারায়ণগঞ্জকে একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং জনবান্ধব সেবার মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে চায় জেলা পুলিশ।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ প্রশাসনের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমানে নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করেছে।
মো. মিজানুর রহমান মুন্সী বলেন, অপরাধ দমনে জেলা পুলিশের নীতি হচ্ছে ‘জিরো টলারেন্স’। এ লক্ষ্য বাস্তবায়নে সকল পুলিশ কর্মকর্তাকে সততা, স্বচ্ছতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের প্রভাব, ভয় বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করার আহ্বানও জানান তিনি।
মাদকের প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, সমাজে সংঘটিত অধিকাংশ অপরাধের মূল উৎস মাদক। মাদকাসক্তি থেকেই চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ নানা অপরাধের বিস্তার ঘটে। তাই মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জনসেবার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি বলেন, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা। থানায় সেবা নিতে আসা কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সকল সদস্যকে সতর্ক থাকতে হবে। মানবিক আচরণ ও দ্রুত সেবার মাধ্যমেই জনগণ ও পুলিশের মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় হবে।
সাইবার অপরাধ মোকাবেলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। তিনি বলেন, অপরাধের ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। অনলাইন প্রতারণা, হ্যাকিংসহ প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা ও রাষ্ট্রের সম্মান অর্জন সম্ভব।
সবশেষে পুলিশ সুপার বলেন, জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। তিনি নারায়ণগঞ্জবাসীর প্রতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

