বলিউডের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘রাজা হিন্দুস্তানি’। ধর্মেশ দর্শন পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছিলেন আমির খান ও কারিশমা কাপুর। মুক্তির পর বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ছবিটির বেশ কিছু দৃশ্যও দর্শকের মনে জায়গা করে নেয়। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল আমির ও কারিশমার সেই দীর্ঘ চুম্বন দৃশ্য।
পর্দায় কয়েক মুহূর্তের এই রোমান্টিক দৃশ্য ধারণ করতে নির্মাতাদের সময় লেগেছিল টানা তিন দিন। কেন এত সময় প্রয়োজন হয়েছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিটির পরিচালক ধর্মেশ দর্শন জানিয়েছেন, দৃশ্যটি শুট করতে বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল পুরো টিমকে।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, ভারতের উটির কনকনে ঠান্ডা আবহাওয়ায় দৃশ্যটির শুটিং হয়েছিল। প্রবল বাতাস, ঠান্ডা পানি আর কুয়াশার মধ্যে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলত শুটিং। শটের ফাঁকে ঠান্ডায় কাঁপতে হতো অভিনেতা-অভিনেত্রীদেরও।
কারিশমা কাপুরের জন্য দৃশ্যটি ছিল আরও বেশি চ্যালেঞ্জের। কারণ, এর আগে কোনো সিনেমায় অনস্ক্রিন চুম্বন দৃশ্যে অভিনয় করেননি তিনি। অভিনেত্রীর স্বাচ্ছন্দ্যের বিষয়টি মাথায় রেখে সেটে বিশেষ ব্যবস্থা করেছিলেন পরিচালক।
কারিশমার মা ও প্রবীণ অভিনেত্রী ববিতা কাপুরকে সেটে উপস্থিত থাকার অনুরোধ জানান ধর্মেশ দর্শন। এমনকি দৃশ্যটির পুরো বিষয়টি তিনি ববিতাকে বুঝিয়েও দিয়েছিলেন। শুটিংয়ের তিন দিনই মেয়ের পাশে ছিলেন ববিতা। এতে কারিশমার অস্বস্তি বা বাড়তি চাপের বিষয়টি এড়াতে চেয়েছিলেন নির্মাতা।
এদিকে ছবির প্রযোজকরা আমির-কারিশমার এই চুম্বন দৃশ্যটি প্রচারের জন্য পোস্টারে ব্যবহার করতে চেয়েছিলেন। তবে পরিচালক ধর্মেশ দর্শন তাতে রাজি হননি। শেষ পর্যন্ত দৃশ্যটি পোস্টারে জায়গা না পেলেও সিনেমা মুক্তির পর দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রে চলে আসে।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ‘রাজা হিন্দুস্তানি’র সেই চুম্বন দৃশ্য বলিউডের অন্যতম আলোচিত রোমান্টিক দৃশ্য হিসেবে স্মরণ করা হয়।

