বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সভাটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আগামী ১ সেপ্টেম্বর আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা সবাই বিএনপিকে মনে-প্রাণে ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি। তাঁর আদর্শ, নীতি-নৈতিকতা, সরলতা ও সততাকে আমাদের বুকে ধারণ করতে হবে।”
তিনি বলেন, বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ও অভিযোগ ছড়ানোর চেষ্টা চলছে। এসব অপপ্রচারের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং দলের ভাবমূর্তি যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মহানগরের সব ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, “১ সেপ্টেম্বর হোসিয়ারী সমিতির সামনে মহানগরের প্রতিটি থানা, ইউনিয়ন, ওয়ার্ড এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ মিছিল নিয়ে অংশগ্রহণ করবেন। আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। ঐক্য না থাকলে বিভিন্ন মহল সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে। তাকে বিতর্কিত করার জন্য দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। এসব ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান মহানগর বিএনপির এই নেতা।
সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

