নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি লরির ধাক্কায় হারাধন চন্দ্র দত্ত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শিমরাইল-আদমজী-চাষাড়া লিংক রোডের আদমজী রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারাধন চন্দ্র দত্ত কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পশ্চিম মাঝিঘাট এলাকার ভারত চন্দ্র দত্তের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, রাতে সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত লরি হারাধনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শামীম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই মো. শামীম রেজা জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত লরিটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

