নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক পৃথক অভিযানে মাদক কারবারি, বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে দুই মাদক কারবারির কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে ২৬ পিস ইয়াবাসহ মো. মোতালেব ও মো. মামুন গাজীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চুরি মামলার আসামি মো. ইসলাম ও মো. রাশেদ খানকে আটক করা হয়েছে।
একই অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলার আসামি আসুরা বেগমকেও গ্রেপ্তার করা হয়। পাশাপাশি সিআর ও জিআর পরোয়ানার ভিত্তিতে ফাহিম, মো. দেলোয়ার হোসেন, নাহিদ হোসেন, ইসমাঈল হোসেন, মো. আল আমিন এবং মো. জুবায়েদকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

