সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল বলেছেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলা তরুণদের খারাপ কাজ থেকে দূরে রাখে।”
তিনি বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজ যতক্ষণ খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে, ততক্ষণ তারা মাদক, বাজে আড্ডা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।”
শুক্রবার (২৬ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি সোনার বাংলা ক্লাব আয়োজিত ডে-বার নাইট ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, “তোমরা যারা লেখাপড়া কর, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে— খেলাধুলার পাশাপাশি মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। লেখাপড়া না করলে জীবনে সামনে এগিয়ে যেতে পারবে না। কারণ যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। তাই ভালোভাবে লেখাপড়া করতে হবে এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”
২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজা মিয়া, হাজী শহীদুল্লাহ, সোবেদ আলী, নবীর হোসেন, জাকির হোসেন, মাহফুজুর রহমান, শফিকুল ইসলাম ও নুরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আতাউর রহমান, মাইনুদ্দিন, শফি, সাদ্দাম হোসেন ও আইয়ুব নবী।

