ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা জাহিদ আল-আমীন বুলবুল হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা চাষাঢ়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, জেলা সভাপতি আলহাজ্ব আবদুর রশিদ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদ।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ মুহাম্মাদ রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী মানসুর আহমদ সাকী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পার হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। প্রশাসনের ব্যর্থতার কারণেই জাহিদ আল-আমীন বুলবুল হত্যার শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও দাবি করেন, হত্যাকাণ্ডে জড়িত হিসেবে যাদের নাম উঠে আসছে, তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা ছিল। প্রশাসন যথাসময়ে তাদের আইনের আওতায় আনতে পারলে তারা আরও অপরাধ সংঘটনের সুযোগ পেত না।
বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা জাহিদ আল-আমীন বুলবুল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন। তারা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশ শেষে চাষাঢ়া থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাহিদ আল-আমীন বুলবুলসহ নিহতদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, ন্যায়বিচার ও নিরাপত্তা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

