ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও দীর্ঘদিনের বিচারহীনতার প্রতিবাদে নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামী শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হন মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী। নিখোঁজ হওয়ার দুই দিন পর, ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাটি সে সময় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং দেশব্যাপী আলোচনার জন্ম দেয়।
ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়নি। ফলে এক যুগেরও বেশি সময় অতিবাহিত হলেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি, যা নিয়ে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে ত্বকীর পরিবার, স্বজন ও সচেতন মহলে।
আয়োজকরা জানান, বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে এবং ত্বকী হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা সকল শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থেকে ন্যায়বিচারের দাবিতে সংহতি জানানোর আহ্বান জানিয়েছেন।

