বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কীভাবে এগিয়ে যেতে হবে, সে বিষয়ে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে দিপু ভূঁইয়া বলেন, বিএনপির প্রতিষ্ঠার এই দিনে সর্বপ্রথম স্মরণ করতে হয় দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তাঁর নেতৃত্ব ও অবদানের মাধ্যমে দেশে উন্নয়ন ও অগ্রগতির নতুন ধারার সূচনা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের দেখানো পথ ও দিকনির্দেশনা অনুসরণ করেই বিএনপির নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছেন। তাঁর সুযোগ্য সন্তান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও দেশকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, সেই পথ দেখিয়ে যাচ্ছেন।
দিপু ভূঁইয়া আরও বলেন, দেশের উন্নয়নের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। নিজেদের সামর্থ্য ও শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে চলার বিষয়টিও তারেক রহমানের নেতৃত্বে গুরুত্ব পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়।

