টানা তিন দিনের শ্রমিক আন্দোলন, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার পর আজ নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের কোনো আন্দোলন বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ ফতুল্লার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের আগের মতো সড়কে অবস্থান নিতে দেখা যায়নি। শিবু মার্কেট, কাঠেরপুল, ফতুল্লা স্টেডিয়াম ও জালকুড়ি এলাকায়ও আন্দোলনকারীদের কোনো জমায়েতের খবর পাওয়া যায়নি।
এর আগে সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা আন্দোলনে নামেন। বিশেষ করে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল ও জালকুড়ি এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
বৃহস্পতিবার পরিস্থিতির পরিবর্তন দেখা গেছে। অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল করছে নির্বিঘ্নে।
তবে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। চাষাঢ়াসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং চলমান অসন্তোষের স্থায়ী সমাধান কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, এখন সেটিই দেখার বিষয়। আপাতত আন্দোলন থেকে সরে এসে কাজে ফেরায় নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে।

