ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটি দেশের দায়িত্ব নেয়ার পর অল্প সময়ে সারা বাংলাদেশ চষে বেড়িয়েছেন। নিজে উপস্থিত থেকে সারা বাংলাদেশে খাল কাটার মতো কর্মসূচি পালন করেন করেছেন। এমনকি একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের ধারা শুরু করেন জিয়াউর রহমান। বিএনপিকে তিনি মধ্যপন্থী রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত করেন। ফলে শহীদ হওয়ার পর জিয়াউর রহমান দেশে ব্যাপক জনপ্রিয় একজন নেতা হিসেবে আবির্ভূত হন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করেছিলেন তারেক রহমান। যখন তার বয়স ২৫ বছর তখন থেকেই তিনি দেশের বিভিন্ন স্থান পরিদর্শনের কাজ শুরু করেন। দলের নেতাকর্মীদের সঙ্গে প্রীতি সভা সমাবেশ করেন। ২০০১ সালে চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তারেক রহমানের সাংগঠনিক কাজে বেশ গতি পায়। প্রতিটি বিভাগ, জেলা এমনকি উপজেলায় তিনি চষে বেড়িয়েছেন। কিন্তু ২০০৭ সালের ওয়ান ইলেভেন সরকার আসার পর সব স্বপ্ন থেমে যায় তারেক রহমানের।
ওয়ান-ইলেভেন সরকারের অমানুষিক নির্যাতনের শিকার হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ত্যাগ করতে বাধ্য হন তারেক রহমান।
ওয়ান-ইলেভেনের অনেক আগে থেকেই বিএনপিকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়েছিল। সুকৌশলে দেশি-বিদেশি মিডিয়ায় দল এবং তারেক রহমান সম্পর্কে নেতিবাচক প্রচারণা করা হয়েছিলো। শক্তিশালী ন্যারেটিভ তৈরি করা হয় বিএনপির বিরুদ্ধে। বিশেষ করে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমানকে ভিকটিমাইজ করার পথ ধরেছিল মিডিয়াগুলো। কিন্তু,তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের যত অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে করা হয়েছিল সেগুলোর একটিও আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে প্রমাণ করতে পারেনি। আওয়ামী লীগ তার দেশী-বিদেশি সঙ্গীদের সঙ্গে নিয়ে তিন তিনটি নির্বাচন ডাকাতি করে। ২০১৪ সালের নির্বাচনে বিএনপিকে জোরপূর্বক নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়। বিনা ভোটে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় নিশ্চিত করে প্রহসনের একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা ধরে রাখে আওয়ামী লীগ। ২০১৮ সালে সকল দলের উপস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রæতি দিয়েও রাতের বেলা নজিরবিহীন ভোট চুরির নির্বাচন করে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। এমনকি ২০২৪ সালের নির্বাচনে বিএনপি যাতে নির্বাচনে অংশ না নেয় তার সকল কৌশল অবলম্বন করে শেখ হাসিনা। এমনকি হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছিল। অনেককে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে হত্যা করা হয়েছিল।
এমনকি একটি পরিস্থিতিতে তারেক রহমান লন্ডনে বসে দল পরিচালনার দায়িত্ব পালন করছিলেন। তিনি স্বপ্ন দেখতেন কোনদিন সুযোগ পেলে তিনি মন উজার করে দিয়ে দেশের জন্য এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন। শিক্ষায়, স্বাস্থ্যে, কর্মক্ষেত্রে পিছিয়ে থাকা এ দেশটিকে তিনি সমৃদ্ধ করবেন। এমনকি তিনি লন্ডনে থাকাবস্থায় বলেছেন, তিনি সুযোগ পেলে শুধুমাত্র বিএনপিকে দিয়ে দেশ চালাবেন না তিনি জাতীয় সরকার গঠন করে দেশকে এগিয়ে নেবেন। দল-মত নির্বিশেষে তিনি সকল দলের রিসোর্স পার্সনদের কাজে লাগিয়ে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ারই স্বপ্ন বুনেন তারেক রহমান।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। এরই পরিপ্রেক্ষিতে অন্তবর্তীকালীন সরকার তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে নেন। এতে তারেক রহমানের দেশে ফেরার পথ সহজ হয়ে যায়।
স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর তারেক রহমান শত শত অনুষ্ঠানে জুম প্রযুক্তিতে বক্তব্য প্রদান করেন। সকল বক্তব্যেই তারেক রহমান বাংলাদেশকে নতুন করে গড়ার পরিকল্পনা এবং ব্যাখ্যা প্রদান করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের এবং দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী জনকণ্ঠকে বলেন, তারেক রহমান বিদেশের মাটিতে বসেই একটি মডেল দেশ বিনির্মানের স্বপ্ন দেখেন এবং সে অনুযায়ী তিনি পরিকল্পনা তৈরি করেন। তার ”আই হ্যাভ আ প্ল্যান” একটি যুগান্তকারী কনসেপ্ট। আমি মনে করি দেশকে নিয়ে তার য্ইে স্বপ্ন ক্ষমতায় আসতে পারলে তিনি সেটি নিয়ে কাজ করবেন এবং আমার বিশ্বাস তিনি সেটি করতে পারবেন। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত তারেক রহমানের শরীরে প্রবাহিত।
তিনি বলেন, তারেক রহমান লন্ডনে থাকাবস্থায় দেশকে নিয়ে নানা গবেষণা করেছেন এবং এ দেশটিকে কিভাবে সুখী, সমৃদ্ধ এবং উন্নত করা যায় সেটির একটি ছক তৈরি করেছেন। তারেক রহমান তার বাবার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করবেন।
“দেশের মানুষ এখন নতুন বাংলাদেশ দেখতে চায়। মানবিক সমাজ বিনির্মানের বিকল্প নাই। মানুষের জন্য রাজনীতি না করতে পারলে রাজনীতিতে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। তবে আশার ব্যাপার হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতি এবং দেশ নিয়ে ইতিবাচক চিন্তা ভাবনা করছেন। তিনি সত্যিকারের মানবিক সমাজ এবং রাষ্ট্র গঠন করতে চান।”
তারেক রহমান দেশের মাটিতে এসে সংবর্ধনায় তার স্বপ্নের একটি রুপরেখা দেশবাসীর কাছে তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা দেশের শান্তি চাই। মার্টিন লুথার কিংয়ের নাম তো শুনেছেন না আপনারা? তাঁর একটি বিখ্যাত ডায়ালগ আছে, আই হ্যাভ আ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়েছে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ আ প্ল্যান, পিপল অব মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে।’
তার স্বপ্নের বাস্তবায়ন চেয়ে তারেক রহমান বলেন, ‘দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশা আল্লাহ আমরা “আই হ্যাভ আ প্ল্যান” বাস্তবায়ন করতে সক্ষম হব।’
তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমানের স্বপ্ন এবং পরিকল্পনা অসাধারণ। কিন্তু তাকে দেশী বিদেশী নানা রকম ষড়যন্ত্র বুদ্ধিমত্তা এবং রাজণৈতিক দূরদর্শিতার সঙ্গে মোকাবেলা করতে হবে। তারা বলেন, জিয়াউর রহমানকে দেশী বিদেশী শক্তি বেশিদিন বাঁচতে দেয়নি। জিয়াউর রহমানের পর তারেক রহমানই একমাত্র সাচ্চা জাতীয়তাবাদী নেতা যাকে দেশী বিদেশী শক্তি ভয় পায়।
অর্থনীতিবিদরা মনে করেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় রয়েছে। অনেকগুলো ব্যাংকের টাকা স্বৈরাচারের দোসররা লুট করে নিয়ে গেছে। বিগত ১৭ বছরের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ফলে এমন একটি অর্থনৈতিক অবস্থার মধ্যে তারেক রহমান যদি প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পান বা দেশ পরিচালনার দায়িত্ব পান তাহলে তাকে অর্থনৈতিকভাবে দারুণ বেগ পোহাতে হবে।
রাজনৈতিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমানকে অবশ্যই সবসময় নিরাত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। তাকে অবশ্যই মনে রাখতে হবে তার বাবাকে বেশিদিন বাঁচতে দেয়া হয়নি। সুতরাং নিরাপত্তার বিষয়টিও তার জন্য বড় চ্যালেঞ্চ হয়ে দাড়াবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মাহবুবুর রহমান বলেন, তারেক রহমানের সামনে অনেক চ্যালেঞ্চ। স্বৈরাচার সময়ের সকল জঞ্জালকে তিনি সরাতে হবে। দেশের রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে হবে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল সেক্টরকে বিশ^মানের করে ঢেলে সাজাতে হবে। তবে আমার বিশ^াস তারেক রহমান সেটি পারবেন। প্রথম দিনেই তিনি তার স্বপ্নের বাংলাদেশকে তুলে ধরলেন এবং জনগণ ইতিবাচক সাড়া দিচ্ছে।
“বিগত দিনে তারেক রহমানের অনেক চ্যালেঞ্জের অন্যতম ছিলো-বিএনপি, খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ ও তার দেশি-বিদেশি সহযোগী শক্তিগুলো শক্ত অবস্থান নিয়েছিল, খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা এবং অমানবিক কারাবাসের কারণে তার অনুপস্থিতিতে দলের নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্ব মেনে নেবেন কিনা এই প্রশ্ন ছিল, তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামীপন্থীদের ন্যারেটিভ ব্যাপকভাবে প্রচারিত হচ্ছিল, আদালতের রায়ের মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার কারণে পাবলিক পরিসরে তার বক্তৃতা-বিবৃতি প্রচারিত হতে পারছিল না। তারেক রহমান সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে আজকের এই অবস্থানে এসেছেন। রাষ্ট্র পরিচালনায় আগামীর চ্যালেঞ্জও তিনি উতরিয়ে উঠতে পারবেন।”
কাজী মাহবুবুর রহমান বলেন, তারেক রহমান লন্ডনে থাকাবস্থায় সারা পৃথিবীর রাজনীতির খবরাখবর রাখতেন। কিভাবে একটি দেশকে মডেল রাষ্ট্র হিসেবে তৈরি করা যায় সেটি তিনি শিখেছেন। সে কারণে তিনি তার স্বপ্ন বাস্তবায়নে দেশের মানুষকে নিশ্চয়ই পাশে পাবেন।

