নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র মো. ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় তিন আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন—অনিক, আকাশ ও চান্ডি বাবু। রায় ঘোষণার সময় তারা আদালত কক্ষে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, নিহত ওয়াজেদ সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি।
পথে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন সীমান্ত। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ এক হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।
গুরুতর আহত অবস্থায় সীমান্তকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। সীমান্ত দেওভোগ এলাকার মো. আলম পারভেজের ছেলে।
আদালত সূত্র জানায়, চাঞ্চল্যকর এ হত্যা মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে সোমবার আদালত তিন আসামিকেই মৃত্যুদণ্ডের আদেশ দেন।
আদালত সূত্র আরও জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অনিক, আকাশ ও চান্ডি বাবুর বিরুদ্ধে এর আগেও ছিনতাই, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

