নারায়ণগঞ্জ সদর উপজেলার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সদর উপজেলার প্রকৌশলী ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন।
সভায় ইউএনও বলেন, গ্রামীণ এলাকার ছোটখাটো সড়ক সংস্কার এবং নতুন ছোট সড়ক নির্মাণের চাহিদাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব কাজের টেন্ডার প্রক্রিয়া আগামী ডিসেম্বরের মধ্যে শুরু করা হবে। এরপর অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে কাজ বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ছোটখাটো সংস্কার ও নতুন রাস্তার যেসব চাহিদা রয়েছে, সেগুলোর টেন্ডার প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে এসব উন্নয়নকাজের দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে।
সদর উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ইউএনও বলেন, নারায়ণগঞ্জের ইতিবাচক ভাবমূর্তি সদর উপজেলায় তুলে ধরতে প্রশাসন কাজ করছে। তবে শুধু সরকারি উদ্যোগে একটি এলাকার কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। এজন্য নাগরিকদের সচেতনতা এবং আচরণগত পরিবর্তন জরুরি।
তিনি আরও বলেন, সড়ক সংস্কারের পর নির্ধারিত সময় পর্যন্ত তা যথাযথভাবে ব্যবহার না করায় অনেক সময় উন্নয়নকাজের সুফল নষ্ট হয়। পাশাপাশি সড়কের জায়গা দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে যানজট বাড়ছে এবং জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বাধার সৃষ্টি হচ্ছে।
কুতুবপুর ও ফতুল্লার মতো ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চলের প্রসঙ্গ তুলে ইউএনও বলেন, এসব এলাকায় বিপুলসংখ্যক মানুষ ও শিল্পকারখানা রয়েছে। ফলে দুর্ঘটনা বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
সড়কের পাশে নির্ধারিত জায়গা রেখে স্থাপনা নির্মাণের নিয়ম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ ও এলজিইডির সড়কের ক্ষেত্রে অনেকেই এসব নিয়ম মানছেন না। শিবু মার্কেট এলাকায় সড়ক নির্মাণের সময়ও সরকারি জায়গা দখলের বিষয়টি নজরে এসেছে।
এ সময় সড়কের পাশে পানি জমে থাকার সমস্যার কথাও উঠে আসে। ইউএনও বলেন, শুধু রাস্তা উঁচু করলেই হবে না, পাশাপাশি পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করতে হবে। তবে ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা পাওয়াও অনেক ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সড়কের জায়গায় অবৈধ দোকান বা স্থাপনা নির্মাণে বাধা দিলে সংশ্লিষ্টদের কেউ কেউ প্রশাসনের ওপর অসন্তোষ প্রকাশ করেন বলেও মন্তব্য করেন তিনি। একটি সুন্দর ও বাসযোগ্য নাগরিক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে জানান ইউএনও।
সভায় সদর উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের বর্তমান অবস্থা, অগ্রাধিকার এবং তথ্য যাচাই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে শাশনগাঁও-বক্তাবলী, তালতলা, ফতুল্লা পোস্ট অফিস-হাজীগঞ্জ, উপজেলা সদর-পাগলা বাজার-গোদনাইল ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদ-বেতকা-টাগরিয়া সড়কের নারায়ণগঞ্জ সদর অংশের বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে।
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারি আফজাল হোসেন পন্টি, সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম জীবন, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের জাবেদ আলম, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা।

