নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ফতুল্লার মাসদাইর ও ইসদাইর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফতুল্লার নিউ চাষাড়া হায়দার আলী রোড এলাকার মৃত আমির হোসেনের ছেলে রাজীব (৩১), মাসদাইর লিচুবাগ এলাকার আমির হোসেনের ছেলে আল-আমিন (২০), ঢাকার সবুজবাগের মধ্য বাসাবো এলাকার হানিফের ছেলে কাউছার হোসেন (২২), শরীয়তপুরের পালং থানার চিকুন্দী এলাকার শাহ আলমের ছেলে আরিফ (২৩) এবং ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকার মৃত জালাল হেলিমের ছেলে সাগর (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে মাসদাইর কাঁচাবাজারে নাসির কসাইয়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে রাজীব ও আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এর আগে বিকেল ৪টা ২০ মিনিটে ইসদাইর রোডে মোস্তফা মিয়ার চায়ের দোকানের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে কাউছার হোসেন, আরিফ ও সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

