নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় একটি ম্যাগাজিনসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
শনিবার (১৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সিপিএসসি কোম্পানির একটি বিশেষ দল কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদক কর্মকাণ্ডে জড়িত কয়েকজন ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়।
পরে নির্মাণাধীন ভবনটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় ফতুল্লা থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

