নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও কৃষকদল নেতার মধ্যে বিরোধের জেরে কৃষকদল নেতা বেলায়েত হোসেনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার দুই স্ত্রী ও এক চাচাতো ভাই আহত হয়েছেন। একই সঙ্গে বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করেছেন বেলায়েত হোসেন।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বেলায়েত হোসেনের স্ত্রী রহিমা বেগম ও লাকি বেগম এবং তার চাচাতো ভাই সবু। স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান শিকারীর বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এ নিয়ে প্রায় তিন দিন আগে কৃষকদল নেতা বেলায়েত হোসেনের নেতৃত্বে কয়েকজন এলাকাবাসী শাজাহান শিকারীর বাড়িতে গিয়ে মাদক উদ্ধার এবং তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার জের ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান।
বেলায়েত হোসেনের অভিযোগ, শুক্রবার সকালে শাজাহান শিকারীসহ একদল লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে তাকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তার স্ত্রী রহিমা বেগম, লাকি বেগম ও চাচাতো ভাই সবু বাধা দিলে তাদের মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে। এ সময় স্বর্ণালংকার, নগদ ১০ লাখ টাকা ও অন্যান্য মালামালসহ ২০ লাখ টাকার বেশি সম্পদ লুট করে নিয়ে গেছে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছেন শাজাহান শিকারী। তিনি দাবি করেন, বুধবার রাতে কৃষকদল নেতা বেলায়েত হোসেন তার বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে আহত করেন। এ সময় তার বাড়িতেও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় তিনি আড়াইহাজার থানায় মামলা করেছেন বলে জানান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে এমন সংঘাত যেন আর না ঘটে, সে জন্য দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

