গত কয়েক মাস ধরেই আলোচনায় ছিল বিসিবির নতুন টুর্নামেন্ট। শেষ হাজারো আলোচনা শেষে রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়ে গেল ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে টুর্নামেন্টের বিশদ ব্যাখা করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিন বছরের চুক্তিতে ছয়টি প্রতিষ্ঠানকে দলের স্বত্বাধিকার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো এইচ ব্লুস্টার, ওয়ালটন গ্রুপ, সিটিজেন ব্যাংক, একমি গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট ও ফরচুন গ্রুপ। এর মধ্যে একমি গ্রুপ, ফরচুন গ্রুপ ও এইচ ব্লুস্টারের মালিকানায় আছেন যথাক্রমে বিসিবির তিন পরিচালক ফাহিম সিনহা, মিজানুর রহমান ও শাহনিয়ান তানিম।
নতুন এই পরিকল্পনা কতটা সফল হবে, তা নিয়ে এখনই নিশ্চয়তা দিতে পারছেন না বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে ব্যর্থতার ভয় না পেয়ে পরিকল্পনা বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামো ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পরিকল্পনা তুলে ধরে তামিম বলেন, ‘এই একটা বিষয়ে আমি এবং আমার বোর্ড সম্পূর্ণভাবে বিশ্বাস করি, আমরা চেষ্টা করতেই থাকবো। আমি জানি না সফল হবো কি না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না।’
ব্যর্থতা এলেও সেখান থেকে শিক্ষা নিয়ে আবারও কাজ করার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করতেই যাবো, করতেই থাকবো। ব্যর্থতা যদি হয়, সেটা থেকে শিখবো, আবার করতে থাকবো। এটাই আমার বোর্ড এবং আমার বোর্ড সদস্যদের মূলমন্ত্র।’
ঘরোয়া ক্রিকেটের হারানো রং ও আগ্রহ ফিরিয়ে আনাই নতুন উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তামিম। তার মতে, ধাপে ধাপে আরও কিছু পরিবর্তন সামনে আসবে।
বিসিবি সভাপতি বলেন, ‘আমি নিশ্চিত, ধাপে ধাপে আপনারা সবাই অনেক কিছু জানতে পারবেন। অনেক কিছু আছে, কিছু চমকও আছে। কিন্তু এর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশি ঘরোয়া ক্রিকেটে আবার সেই রং ফিরিয়ে আনা। এবং আমি বেশ নিশ্চিত, এই জায়গা থেকে আমরা এই বিষয়টা করতে পারবো
নতুন কাঠামোয় তিন ফরম্যাটকে এক টুর্নামেন্টের অধীনে আনার পাশাপাশি ভবিষ্যতে অভ্যন্তরীণ খেলোয়াড় বদলি, খেলোয়াড় ছাড়ার ব্যবস্থা ও মিনি নিলামসহ আরও কিছু ব্যবস্থা যুক্ত করার কথা জানিয়েছেন তামিম। তার আশা, সময়ের সঙ্গে এসব উদ্যোগ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনবে।
তামিম বলেন, ‘প্রত্যেকটা দলে যে নির্বাচন হবে, যে দলে তিনটা বছর করে এই দলের সঙ্গে থাকতে পারবে। এখানে অভ্যন্তরীণ খেলোয়াড় বদলি ব্যবস্থা থাকবে, খেলোয়াড় ছাড়ার ব্যবস্থা থাকবে, ছোট নিলাম থাকবে। আরও অনেক অনেক কিছু থাকবে। আমি নিশ্চিত, সময়ের সঙ্গে সঙ্গে আপনারা সবকিছু জানতে পারবেন। এবং আমি আন্তরিকভাবে আশা করি যে এটা অবশ্যই বাংলাদেশি ঘরোয়া ক্রিকেটকে বদলে দেবে।’

