নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের হকারদের পুনর্বাসনের জন্য রেললাইনের পাশের খালি জমিকে প্রাথমিকভাবে নির্বাচন করেছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। তবে সেই উদ্যোগ বাস্তবায়নের আগেই আপত্তি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রেলওয়ের উচ্ছেদ অভিযানের সময় এ নিয়ে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ (ডাবল লাইন) প্রকল্পের পরিচালক মোহাম্মদ সেলিম রউফের মধ্যে প্রকাশ্যেই তর্ক-বিতর্কের ঘটনা ঘটে।
সকালে চাষাঢ়া থেকে দুই নম্বর রেলগেইট পর্যন্ত এলাকায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রকল্প পরিচালক মোহাম্মদ সেলিম রউফের নেতৃত্বে পরিচালিত অভিযানে রেলওয়ে পুলিশও উপস্থিত ছিল। অভিযানে রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা এক্সকাভেটরের সাহায্যে অপসারণ করা হয়। একই সঙ্গে হকার পুনর্বাসনের জন্য নাসিকের উদ্যোগে বালু ফেলে ইট বিছিয়ে যে প্রস্তুতিমূলক কাজ চলছিল, সেটিও বন্ধ করে দেওয়া হয় এবং বিছানো ইট তুলে ফেলা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি রেলওয়ের এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিষয়টি নিয়ে আগে আলোচনা করা হলে সমাধানের পথ বের করা সম্ভব ছিল। তাঁর ভাষ্য, রেলওয়ের জমি সরকারেরই সম্পদ এবং জনগণের স্বার্থেই সেখানে সাময়িকভাবে হকার পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল। স্থায়ী কোনো স্থাপনা নির্মাণ করা হয়নি, শুধু ইট বিছিয়ে জায়গাটি প্রস্তুত করা হচ্ছিল।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ হলেও সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুনর্বাসনের উদ্যোগে বাধা দেওয়া হয়েছে। প্রয়োজনে রেলওয়ের কাজ শুরুর আগে নিজেই জায়গা বুঝিয়ে দেওয়ার আশ্বাসও দেন তিনি।
জবাবে প্রকল্প পরিচালক মোহাম্মদ সেলিম রউফ বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের ওপর কোনো ধরনের স্থাপনা বা উন্নয়নকাজ রাখা সম্ভব নয়। প্রকল্পের কাজ নির্বিঘ্নে এগিয়ে নিতে নির্ধারিত জমি সম্পূর্ণ খালি করা প্রয়োজন। তাই রেলওয়ে আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি জানান, ডাবল লাইন প্রকল্পের কাজ ইতোমধ্যে নারায়ণগঞ্জ স্টেশন ও চাষাঢ়া—উভয় প্রান্ত থেকেই এগিয়ে এসেছে। ফলে প্রকল্প এলাকার ভেতরে থাকা সব ধরনের অবৈধ দখল ও নির্মাণ সরিয়ে ফেলা হচ্ছে।
এর আগে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ প্রকল্প এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণের জন্য নোটিশ দিয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে শহরের বঙ্গবন্ধু সড়ক ও আশপাশের ফুটপাত থেকে হকার উচ্ছেদে যৌথ অভিযান চালায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই হকাররা আবারও ফুটপাতে ফিরে আসেন। এরপর থেকেই তাদের স্থায়ী পুনর্বাসনের দাবি জোরালো হয়।
বিভিন্ন স্থান বিবেচনার পর নাসিক প্রশাসন রেললাইনের পাশের খালি জমিতে হকারদের স্থানান্তরের উদ্যোগ নেয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে ময়লা-আবর্জনা পরিষ্কার করে বালু ভরাট ও ইট বিছানোর কাজ শুরু হয়েছিল। তবে রেলওয়ের আপত্তি ও উচ্ছেদ অভিযানের পর ওই পুনর্বাসন পরিকল্পনার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

