নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. সজীব (৩৮) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে কদমতলী বড় পুকুরপাড় এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
গ্রেফতার সজীব সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি কদমতলী বড় পুকুরপাড় এলাকার মো. ইউসুফ আলী ওরফে ইউসুফ পাটোয়ারীর ছেলে।
স্থানীয়দের কাছ থেকে সজীবকে হস্তান্তরের পর সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম তাকে থানায় নিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, স্থানীয় লোকজন সজীবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তার বিরুদ্ধে দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর সোমবার বিকেলে সজীবকে আদালতে পাঠানো হয়েছে।

