নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বন্যা কিংবা আকস্মিক দুর্যোগ থেকে বাঁচতে পরিবেশ রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, পরিবেশের জন্য সবচেয়ে উপকারী ও প্রয়োজনীয় উপাদান হলো গাছ। গাছ আমাদের নানা ধরনের উপকার করে। আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি। গাছ সেই কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং আমাদের জন্য অক্সিজেন ছাড়ে। তাই প্রত্যেক অক্সিজেন গ্রহণকারী মানুষের অন্তত একটি করে গাছ লাগানো উচিত। এর মাধ্যমে আমরা অক্সিজেনের কারখানা তৈরি করতে পারি।
তিনি আরও বলেন, আমরা যদি বাঁচতে চাই, নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে চাই, তাহলে প্রত্যেককে অন্তত একটি করে বৃক্ষরোপণ করতে হবে। শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতন হলে ভবিষ্যতে তারা নিজেদের পরিবার ও সমাজের মানুষকেও পরিবেশ রক্ষায় সচেতন করতে পারবে।
মিজমিজি পশ্চিমপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব রামানন্দ পাল, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহজারুল হক ময়ূর, শিক্ষক চন্দন কুমার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি গুলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন, ডালিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে গাছ ও পরিবেশের সম্পর্ক অত্যন্ত গভীর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করতে হবে।

