নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ময়লা বহনকারী ট্রাকের চাপায় ছাত্রদল নেতা কাদির জিলানী ও যুবদল নেতা মো. মামুন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাদির জিলানী ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন। অপর নিহত মো. মামুন স্থানীয় যুবদলের একজন সক্রিয় নেতা ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে যাওয়ার সময় সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যায়। এতে দুজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, জালকুড়ি দশপাইপ এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ছাত্রদল নেতা কাদির জিলানী ও যুবদল নেতা মামুনের মৃত্যুতে তাদের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

